বাধা উপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারির কর্মসুচিতে যোগ দিবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ।

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল নিয়ে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান।
শওকত মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়া বলেছেন তিনি আন্দোলনে আছেন, থাকবেন যতদিন পর্যন্ত না সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে তত দিন পর্যন্ত রাজপথে থাকবেন। দেশের সকল মানুষকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানিছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া অতীতেও ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলন করেছেন এবারও নিষেধাজ্ঞা মানবেন না। খালেদা জিয়া অল্প বিশ্রামের পর অত্যন্ত সতেজ ও প্রফুল্ল আছেন। সরকার অতীতেও গণতন্ত্র হত্যা করেছে আবার দ্বিতীয়বার গণতন্ত্র হত্যার জন্য ১৪৪ ধারা জারি করেছেন।
তিনি আরো বলেন, আগামীকাল জাতীয় প্রেসক্লাবে সকাল সাড়ে ১০ টায় সাংবাদিকদের সমাবেশ রয়েছে। সেখানে সব পেশাজীবিরা উপস্থিত হবেন।

খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখায় সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিরাপত্তার নামে যা করা হয়েছে তা প্রহসন।

সাংবাদিকদের প্রতিনিধি দলে ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ আজিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রধান, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা সরদার কামার ফরিদ।

এর আগে দুপুর দেড়টার দিকে ৩৫ সদস্যের সাংবাদিকদের এ্কটি প্রতিনিধি দল নিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন। এসময় পুলিশ তাদের আটকে দিলে ৮ জনের একটি প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। তারা প্রায় ২ঘন্টা কার্যালয়ে অবস্থান করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

এমএইচ, জেএ