পবিত্র হজ পালনের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার বিকাল ৫টায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে বিএনপি চেয়ারপারসন ঢাকা ত্যাগ করবেন।

একই সঙ্গে লন্ডনে অবস্থানরত বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানও হজ পালনের উদ্দেশে সৌদি আরব আসছেন।

এর আগে পবিত্র ঈদুল ফিতর এক সঙ্গে কাটালেও ২০০৮ সালের পর এবারই প্রথম মা-ছেলে একত্রে ঈদুল আযহা উদযাপন করবেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি বাদশাহর বিশেষ আমন্ত্রণে এবার হজ পালন করবেন। তার সঙ্গে সৌদি আরবে ১০ জন যাচ্ছেন। এদের মধ্যে বাংলাদেশ থেকে ৬ জন এবং দেশের বাইরে থেকে ৪ জন।

বিএনপি সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনসহ তার সঙ্গে হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়া সবাই সৌদি বাদশাহর মেহমান হিসাবে রাজপ্রসাদে অবস্থান করবেন।

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহ শরীফ কামাল তাজ, মধ্যপ্রাচ্য বিষয়ক উপদষ্টো এনামুল হক চৌধুরী, চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার, গৃহকর্মী ফাতেমা বেগম প্রমুখ।

লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ছাড়াও আরও দুই জনের সৌদি আরবে আসবেন। তারা ৮ সেপ্টেম্বর খালেদা জিয়া সঙ্গে রাজপ্রসাদে একত্রিত হবেন।

এআই