পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার সন্ধ্যায় ৩৩ সদস্য বিশিষ্ট সরকারী-বেসরকারী প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে আসছেন। তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেও বাদ থাকছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মমতার সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎতের কোন সিডিউল নেই। অন্যদিকে মমতার পক্ষ থেকেও খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎতের কোন সিডিউল রাখা হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় মমতাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকা সফরকালে মমতাকে ভিভিআইপি মর্যাদায় এসএসএফ-এর নিরাপত্তা দেয়া হবে। সফরকালে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া শুক্রবার রাতে তিনি ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা সভায় যোগ দেবেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত চা-চক্রে অংশ নেবেন।

মমতা ব্যানার্জি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার মধ্য রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অমর একুশে উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

শনিবার তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। এ দিনই তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কলকাতার (আইসিসি) সহযোগিতায় ফেডারেশন অব ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) নেতৃবৃন্দের উদ্দেশে ভাষণ দেবেন।

৩৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মধ্যে মমতার সফরসঙ্গী হিসেবে থাকছেন, অভিনেতা ও এমপি দেব, অভিনেত্রী ও এমপি মুনমুন সেন, অভিনেতা প্রসেনজিত, গায়ক ইন্দ্রনীল সেন, পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, পৌর ও নগরউন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, শিল্পপতি হর্ষ নেওটিয়া, কবি সুবোধ সরকার, গৌতম ঘোষ, সুবোধ সরকার, কল্যাণী কাজী, নচিকেতা চক্রবর্তী, অরিন্দম শীল প্রমুখ।

এমআর, জেএ