বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, “বিরোধীদল হিসেবে আমরা আন্দোলন সংগ্রাম করতেই পারি। এটা আমাদের সাংবিধানিক অধিকার।”

মঙ্গলবার (২৬ নভেম্বর) সুপ্রিমকোর্টের সামনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে নোমান এইসব কথা বলেন।

আবদুল্লাহ আল নোমান বলেন, জনগণ রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। ভোটের অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই।

তিনি বলেন, দেশে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। পেঁয়াজ, চাল, তেল জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এসব বিষয় নিয়ে আমাদের বিরোধীদলের আন্দোলন করার অধিকার আছে। জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করার অধিকার আমাদের আছে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে সরকারের উদ্দেশে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছে তা নিম্নগামী করুন এবং দেশ চালাতে ব্যর্থ হয়েছে আর তার জন্য পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচন দিন।

আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বিএনপি নেতাকর্মীদের বাধা না দেয়ার উদাত্ত আহ্বান জানিয় নোমান বলেন, মিছিল অবস্থান আমাদের সংবিধানিক অধিকার। তাই আপনাদেরকে (আইন-শৃঙ্খলা বাহিনী) আহ্বান জানাব, আমাদের নেতাকর্মীদেরকে বাধা না দিয়ে আমাদের কর্মসূচি পালন করতে দিন।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ অ্যাডভোকেট এহসানুল হুদা, ছাত্রদল নেতা মাহমুদুর রহমান বাপ্পী, মুস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি