বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজের দায় সরকার এড়াতে পারে না বলে দাবি করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। এ ঘটনায় দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রোববার এক বিবৃতিতে দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সরকার যদি এ দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’
অবিলম্বে সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, ‘তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেওয়া হলে দেশের রাজনীতিতে কালো ক্ষত সৃষ্টি হবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিনকে গত মঙ্গলবার রাতে উত্তরার একটি বাসা থেকে পুলিশের পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয় বলে তার দল ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের বিষয়টি নাকচ করেছে। তার সন্ধানের দাবিতে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। তাতে আদালত তাকে খুঁজে বের করতে রুল দিয়েছে।
এদিকে সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পাওয়া যায়নি মর্মে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সকালে এই প্রতিবেদন দাখিল করা হয়। সালাহ উদ্দিনকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে ন্যাপের শীর্ষ এই দুই নেতা দাবি করেন, ‘সরকার রাজনৈতিকভাবে আন্দোলন মোকাবেলায় ব্যর্থ হয়ে গুম, হত্যা, জেল-জুলুমের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার অপচেষ্টা করছে। একজন প্রাক্তন প্রতিমন্ত্রীকে উঠিয়ে নিয়ে গায়েব করে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপি নেতা সালাহ উদ্দিনের নিখোঁজের দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’
সালাহ উদ্দিনের হদিস না মেলায় উদ্বেগ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, ‘এখনো পর্যন্ত তার অবস্থান স্পষ্ট না করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সাংবিধানিকভাবে যে কোনো ব্যক্তির আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। আশা করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার সালাহউদ্দিন আহমেদকে আদালতে হাজির করবে।’
চলমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে ‘গণদাবি’ মেনে নিয়ে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান তারা।
জেএ





