আওয়ামী লীগ নেতারা বিভ্রান্তিকর কথা বলে ২০ দলীয় জোট ও বিএনপির মধ্যে ভাঙ্গণ ধরাতে চায় এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তিকর কথা বলে ২০ দলীয় জোটের ঐক্য বিনষ্ট করা যাবে না। এমনকি বিএনপির মধ্যেও কোনো ভাঙ্গণ সৃষ্টি করতে পারবেন না। কারণ যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদের জনগণ কোনো দিন ক্ষমা করবে না।

বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারে ১৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাম তালুকদার স্মৃতি সংসদ এই আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দীন আহমেদ।

বিএনপি ভারপ্রাপ্ত মহসচিবের সঙ্গে আমার প্রায়ই কথা হয় সম্প্রতি দেয়া আওয়ামী লীগ সাধারন সম্পাদক সৈয়দ আশরাফের এমন বক্তব্যের বিরোধীতা করে মির্জা ফখরুল বলেন, আমার জানা মতে উনি একজন সজ্জ্বন ব্যক্তি। তারপরেও বলতে হচ্ছে আশরাফ সাহেব সর্বৈব মিথ্যা কথা বলেছেন। কারণ ৫ জানুয়ারির নির্বাচনের পর উনার সঙ্গে আমার কোনো কথ হয় নি। এর আগে মাত্র ৩বার কথা হয়েছে সেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, অবৈধ সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে বন্দুকের জোরে ক্ষমতায় বসে নতুন নতুন গণবিরোধী নীতিমালা বাস্তবায়ন করছে। এভাবে তারা জনগণের অধিকার হরণে লিপ্ত। এর মাধ্যমে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইছে।

তিনি বলেন, সরকার সব কিছুকে ফ্যাসিবাদী কায়দায় নিয়ন্ত্রণ করতে চায়। আর এজন্যই বিএনপি নেতাদের নামে নতুন নতুন মিথ্যা মামলার অভিযোগপত্র দিচ্ছে। কিন্তু আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই, দমন পীড়ন যত বাড়বে আন্দোলন তত তীব্র হবে।

মরহুম সালাম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি এই নেতা বলেন, মরহুম সালাম তালুকদার ছিলেন বিরল রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী। তিনি ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, দ্রুত জনগণের দাবী মেনে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবী মানতে বাধ্য করা হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

ঢাকা, এমএইচ, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম