রাজপথে আন্দোলন সংগ্রাম না করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তেল না মারার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি অধ্যাপক ড. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

ড. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়াকে সামনে পেলেই অনেকে অনেক রকমের বক্তব্য দিয়ে ম্যাডামকে মুগ্ধ করতে চান। এসব প্রবণতা বাদ দিয়ে যথাসময়ে আন্দালনে ঝাপিয়ে পড়তে হবে।

তিনি বলেন, ৫ জানুয়ারি অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণার পর রাজপথে ছাত্রদলের নেতাকর্মীদেরকে দেখা যায়নি। রাজনীতি করলে মামলা খেতে হবে। তাই বলে আত্মগোপনে থাকলে শেখ হাসিনা ইদুরের গর্তে সবাইকে ডুকিয়ে দেবে।

তিনি বলেন, আগামী রমজানের ঈদের এক সপ্তাহ পর সারাদেশে ছাত্রদলের নির্বাচিত কমিটি করে যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসতে হবে।

বিএনপিতে এক ব্যাক্তিতে একাধিক পদ না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন নেতাকে একটা পদ দিতে হবে। মহিলা দলকে আরো শক্তিশালী করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, অন্যায় অবিচার করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তিনি বক্তব্য না দিয়ে দর্শক সারিতে বসে থাকেন।

এমএইচ/এমকে