একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতেই জাতীয় সম্প্রচার নীতিমালা তৈরী করা হয়েছে। এ নীতিমালা ক্ষমতাসীনদের নতুন মোড়কে সংবাদপত্রের স্বাধীনতা হরণের উপায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা ও মতপ্রকাশের স্বাধীনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বাকশাল করে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করতে হচ্ছে না। এবার তারা নতুন মোড়কে, অপকৌশলে সেই কাজটি করে যাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আসলে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না। তারা জোর করে ক্ষমতায় এসে আসল চেহারা দেখিয়ে দেয়। সেটি অত্যন্ত দানবীয় চেহারা।
ফখরুল বলেন,'সম্প্রচার নীতিমালা হাসানুল হক ইনুর হাত দিয়ে এসেছে। তিনি একদিন আওয়ামী লীগের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন। এজন্য একজন বলেছেন, তারা (জাসদ) এখন কাফফারা দিচ্ছেন।'
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরিচালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন বিচারপতি আবদুর রউফ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএফইউজে’র একাংশের মহাসচিব এম এ আজিজ প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর, জেএ





