অধ্যাপক ড. জাফর ইকবালের উপর কারা হামলা করেছে তা পরিষ্কার, বিভ্রান্তি তৈরি করে লাভ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, হামলার নৈপথ্যে যারা আছে তাদের সবাইকে খুঁজে বের করা হবে।

আজ (রোববার) সকালে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় লিফলেট বিতরণের পর কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিরা নিষ্ক্রিয় হয়নি। এ ঘটনার মাধ্যমে তারা জানিয়ে দিলো বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এ হামলা অসাম্প্রদায়িক চেতনার ওপর হামলা। এ হামলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র।

শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন তার পিছনেই দাঁড়িয়ে থাকা আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক। ছুরি দিয়ে এই অধ্যাপকের মাথায় আঘাত করে হামলাকারী। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

বিকাল সাড়ে ৫টার দিকে ওই হামলার পরপর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অপারেশন থিয়েটারে নিয়ে তার ক্ষত স্থান পরিষ্কার করে সেখানে সেলাই দেয়া হয়েছে।

এরপর ড. জাফর ইকবালকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।   

এমবি