বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও পরোয়ানা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে একটি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, নারায়াণগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলনেতা মশিউর রহমান শান্ত, কায়েস আহম্মেদ পল্লব, মাসুদ, পাভেল, ইসহাক, জাহিদুল, নাহিদ, করিম প্রধান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে ‘দেশনেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন। সেই সঙ্গে অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।





