বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৫ আগস্ট ভুয়া জম্মদিন পালন না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, আগস্ট বাঙালি জাতির শোকের মাস,১৫ আগস্ট শোকের দিন। সে দিন শোক দিবস পালন করুন বা না করুন,দয়া করে ভুয়া জন্মদিন পালন করবেন না। কেক কেটে আনন্দ করবেন না।
শোকের মাস আগস্ট শুরু উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত সমাবেশে বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন,একাত্তর-পঁচাত্তরের খুনিদের দোসররা আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চায়।তারা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল,কিন্তু পারেনি। আবারও হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন,৫ জানুয়ারির নির্বাচন সারা পৃথিবী মেনে নিয়েছে।আর খালেদা জিয়া সে নির্বাচনে না গিয়ে নিজের বারোটা বাজিয়েছেন। এখন ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে সহিংসতা চালালে কঠোর জবাব দেওয়া হবে। সব খেলা হবে মাঠে। জনগণও তাদের আন্দোলনের নির্দেশ শুনবে না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্দোলনের ধরন যেমন হবে, প্রতিরোধও তেমন হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের চেয়ারম্যান আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জোটভুক্ত ২২টি সংগঠনের নেতারা।
ঢাকা, এমআর, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম





