রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের জন্য যে অর্থ সহায়তা এসেছে সরকার সেই অর্থের অপব্যবহার করেছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রানা প্লাজার মতো মর্মান্তিক ঘটনা থেকে শুরু থেকেই জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেছে। তারা এ ঘটনা নিয়ে মিথ্যাচার করেছে, নাটক মঞ্চায়ন এবং প্রহসনের আশ্রয় নিয়েছে ।’
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে  রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।  
তিনি আরও বলেন, রানা প্লাজার মতো ঘটনার পূনরাবৃত্তি রোধ করতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। যারা শ্রমিকদের স্বার্থ সংরক্ষন করবে। এ ধরনের সরকার প্রতিষ্ঠায় দেশবাসীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার আহ্বান জানান তিনি।                            মির্জা আলমগীর বলেন, স্বঘোষিত এবং অনৈতিকভাবে ক্ষমতায় আঁকড়ে থাকা সরকারের কাছ থেকে এ ধরনের ঘটনার পর কোনো ধরনের সহায়তা আশা করা যায় না। তাদের দ্বারা এ দাবি পূরন করা সম্ভবও নয়।
বাংলাদেশের অর্থনীতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সেক্টরটিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিকশিত করেছেন বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে মির্জা আলমগীর বলেন, ‘তারা বিরোধী দল নির্মূলের কৌশল নিয়েছে। সেজন্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এমনকি গণতন্ত্রের জন্য সংগ্রাম করা বিএনপির চেয়ারপারসনের নামেও ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে। এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’
‘দুদকের (দুর্নীতি দমন কমিশন) মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা না করে মামলা-হামলার পথ বেছে নিয়েছে। তারা দেউলিয়া হয়ে গেছে।’
দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেন, রানা প্লাজায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণ, বীমা ব্যবস্থাসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
আরেক যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, রানা প্লাজায়  ক্ষতিপূরণের জন্য যে সহায়তা এসেছে তাতে একজন শ্রমিক ১০ লক্ষ করে টাকা পেতে পারতেন। কিন্তু সেই টাকার কোনো হদিস নেই।
মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য এ্যাড. রফিক শিকদার প্রমূখ। আলোচনার পর দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা দলের সভাপতি এম এ মালেক।
[b]ঢাকা, এমএইচ, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর [/b]