ঈদের দিন আগামীকাল (২২ আগস্ট) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির সিনিয়র নেতারা।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন।
শামসুদ্দিন দিদার জানান, বিএনপির সিনিয়র নেতারা সাড়ে ১১টায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে রাজধানীর শের-ই বাংলা নগরস্থ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করবেন।
পরে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে এই পুরনো কারাগারে খালেদা জিয়াই একমাত্র বন্দি হিসেবে রয়েছেন।
এমবি





