বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সোমবার ডুমুরিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মঝে নগদ অর্থসহায়তা দিয়েছেন। এ সময় তিনি বলেন, সরকারের ত্রাণ তৎপরতার অপ্রতুলতার কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। সরকারের দায়িত্ব ছিলো এ সব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু সরকারের উদাসীনতার কারণে এখনো ক্ষতিগ্রস্ত মানুষগুলো উল্লেখযোগ্য পরিমাণ সাহায্য-সহযোগিতা পায়নি।

তিনি বলেন, মানবতার কল্যাণের উদ্দেশ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। এবারের ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই। জামায়াতে ইসলামী তার সামর্থ্যের আলোকে এ সব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দুঃখ-কষ্টের সময় আল্লাহর সাহায্য চাইতে হয়।

এ সময় তিনি সকলকে দেশের এই ক্রান্তিলগ্নে জাতিকে এ অবস্থা থেকে মুক্ত করতে ইসলামের সুমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামীর পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।

তিনি দুর্গত মানুষদেরকে বিপদে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, দেশে করোনার শুরু থেকে অদ্যাবধি প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ অভাব অনটনে বেশ কষ্টে আছে। এর মধ্যেই গতবার হলো ঘূর্ণিঝড় আমফান। তার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার হলো ‘ইয়াস’। এখন ক্ষতিগ্রস্ত মানুষ পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল ও আদর্শবাদী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নির্লিপ্ত থাকতে পারে না। তাই আমরা এসব মানুষের দুর্দশা লাঘবে সীমিত সামর্থ নিয়ে এগিয়ে এসেছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এ সব দুর্গত মানুষের কিছুটা সহায়ক হবে। দুর্গত মানুষের জন্য আমাদের এই কল্যাণকামী কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, প্রাকৃতিক এই দুর্যোগের সময়ও দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। তারা জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করতেও ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, সয়াবিন ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে তা এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক সেক্টর এখন ধ্বংসের মুখোমুখি। এসব আমাদের এই সোনার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সোমবার দুপুরে ডুমুরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের আখড়া ও চাদগড় গ্রামে ঝড় ও জোয়ারে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ অর্থসহায়তা দেন।

এ সময় তার সাথে ছিলেন খুলনা মহানগরী আমির মাওলানা আবুল কালাম আজাদ, উত্তর জেলা আমির মাওলানা এমরান হোসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, যুব সেক্রেটারি অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আজহার আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, শরাফপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হেমায়েত হোসেন, শরাফপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল বারী, ইউনুচ হোসেন চান, মাস্টার লুৎফর রহমান ও হারুন অর রশীদ প্রমুখ।

এমআর