পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় রেডক্লিফ যে সীমারেখা এঁকেছিলেন, সে অনুযায়ী ‘নিউ মুর’ বা ‘তালপট্টি’ সবসময়ই ভারতের অধীনে ছিল।

বুধবার রাত ৯টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এবিষয়ে কিছু তথ্য তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ১৯৭০ সালের ঘুর্ণিঝড়ের পর জেগে ওঠা ‘দক্ষিণ তালপট্টি দ্বীপ’ ১৯৮৮ সালের ঘুর্ণিঝড়ের পর গভীর সমুদ্রে হারিয়ে যায়।

সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের সমালোচনা করে স্ট্যাটাসে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৯/১৯৮০ সালের দিকে জিয়াউর রহমান ‘তালপট্টি’কে দেশে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চেয়েছিলেন কিন্তু তিনি এবং তার সরকার এবং তার পরবর্তী কোনো সরকারই ‘দক্ষিণ তালপট্টি’র অবস্থান সম্বলিত কোনো মানচিত্র দেখাতে পারেনি।

যেহেতু জনশ্রুত আছে ‘তালপট্টি’র অস্তিত্ব আছে, তাই এটিকে অন্তর্ভূক্ত করে একটা মানচিত্র তৈরি করে এবং তা নিজের বলে দাবি করে বাংলাদেশ সরকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত মামলাটি করে জানিয়ে শাহরিয়ার আলম বলেন, আমাদের অভিযোগ বাতিল হয়ে গেছে, কারণ কোনো ঐতিহাসিক বা পুরোন মানচিত্র এই দ্বীপটির অস্তিত্ব জানান দিতে পারেনি।

এর পরের পয়েন্টে প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রতিনিধিরা ‘তালপট্টি’র অবস্থান যেখানে থাকার কথা, সে অঞ্চল পরিদর্শন করেন। সেখানে তারা কোনো দ্বীপই খুঁজে পাননি। এমনকি ভারতীয় কর্তৃপক্ষ ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করেও দ্বীপটি খুঁজে পায়নি।

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শুধুমাত্র সমুদ্রসীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে, তারা কোনো দ্বীপ সংক্রান্ত বিতর্ক বা জটিলতা নিষ্পত্তি করে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই রায়ের কারণে বাংলাদেশ ‘তালপট্টি’র মালিকানা হারিয়েছে- এমন অভিযোগ করা বড় ধরণের ভুল।

তিনি বলেন, তালপট্টি কখনোই আমাদের ছিল না। দ্বীপটি ভারতীয় সীমানায় প্রাকৃতিকভাবে ১৮ বছরের জন্য জেগে উঠেছিল।

এই ঐতিহাসিক রায়ে যে প্রাপ্তি আছে, তাকে কিছুতেই ‘তালপট্টি’ ইস্যুতে বিতর্কিত করা যাবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেসকল মানুষ এই ইস্যুটি সামনে আনছে, তারা আসলে আমাদের ১৯ হাজার ৪শ’ ৬৭ বর্গ কিলোমিটার এলাকায় কর্তৃত্ব স্থাপন- যেখানে গভীর সমুদ্রে তেল-গ্যাসসহ অনেক জানা-অজানা সম্পদ রয়েছে, সে বিষয়টিকেই বিতর্কিত করার চেষ্টা করছে।

শাহরিয়ার আলম তার স্ট্যাটাসে সব শেষে সবাইকে একটু কষ্ট করে আসল সত্যটা জানার আহ্বান জানিয়ে বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং শত্রুকে চিনে রাখার পরামর্শ দেন।

ঢাকা, ১০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস