সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার বিষয়টিকে সরকার ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্ঠা করছে এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দেশে ফেরা নিয়ে রহস্য তৈরী হয়েছে। কিন্তু এভাবে নাটক তৈরী করে তাকে রক্ষা করা যাবে না।

মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের প্রায় সব কয়টি গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নি। কিন্তু দেশের জনগণ এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। লতিফ সিদ্দিকী দেশে এসে থাকলে অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি দেশে যখনই কোনো বিদেশি অতিথি আসেন তখনই সরকার ধর্মীয় গোষ্ঠীকে উস্কানী দেয়ার জন্য এমন কিছু করেন যাতে করে বিদেশিদের বুঝানো যায় এদেশে এখনো মৌলবাদী গোষ্ঠী সক্রিয়। আর আওয়ামী লীগই এসব মৌলবাদী শক্তিকে প্রতিহত করতে পারে। কিন্তু এভাবে নাটক তৈরী করে প্রকৃত ঘটনাকে আড়াল করা যাবে না।

তিনি বলেন, তার (লতিফ সিদ্দিকী) পরিবারের অন্যতম সদস্য কাদের সিদ্দিকীও বলেছেন, পরিবারের কোন সদস্য জানেন না লতিফ সিদ্দিকী কোথায় আছেন।
স্বরাষ্টমন্ত্রী তাকে (লতিফ সিদ্দিকী) গ্রেপ্তারের ব্যাপারে স্পীকারের অনুমতি লাগবে জানালেও তিনি দেশে ফিরেছেন কিনা তা নিশ্চিত করেননি। অন্যদিকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকলেও বিমান বন্দর থেকে তিনি কিভাবে বিনা বাধায় বেরিয়ে আসেন তা আমাদের বোধগম্য নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জনগণের বিক্ষোভকে সহজেই থামানো যেত তাকে আটকের মাধ্যমে। কিন্তু তারা তা না করে রহস্যের সৃষ্টি করেছেন। আর তা করেছেন রাজনৈতিক উদ্দেশ্যই।

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদ সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএইচ