মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ১৫ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা না হলে ২৬ অক্টোবর সারা দেশে হরতালের ডাক দিয়েছে ‘সম্মিলিত ইসলামী দলসমুহ’ নামের একটি জোট।একই দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করবে তারা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, সরকার মন্ত্রিপরিষদ থেকে সিদ্দিকীকে অপসারণের বিষয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। এটা তাদের চালাকির রাজনীতি।“ইসলাম নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় আমরা অবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
জাফরুল্লাহ জানান, ১৫ অক্টোবরের লতিফ সিদ্দিকী গ্রেপ্তার না হলে ২৬ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল করবে সম্মিলিত ইসলামী দলসমুহ। এছাড়া বৃহস্পতিবার হেফাজত ইসলামের বিক্ষোভ কর্মসূচিতেও তাদের সমর্থন থাকবে বলে জানান তিনি।
গত রোববার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী।”
তার বক্তব্যের ভিডিও ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই ভিডিওতে তাকে বলতে দেখা যায়, “এ হজে যে কত ম্যানপাওয়ার (জনশক্তি) নষ্ট হয়। এই হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছেন। এদের কোনো কাজ নাই। কোনো প্রডাকশন নাই, শুধু ডিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা বিদেশে দিয়ে আসছে।”
ওই মন্তব্যের কারণে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেয়ার দুটি মামলায় লতিফ সিদ্দিকীকে ইতোমধ্যে তলব করেছে ঢাকার আদালত।
জেআই





