হাইকোর্ট চত্ত্বরে পুলিশের ওপর হামলা চালিয়ে পুলিশ কনস্টেবল মুস্তাফিজুর রহমান ও আলমগীর হোসেনকে আহত করার ঘটনায় বিএনপি-জামায়াত সমর্থিত ২০০/২৫০ জন আইনজীবীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় হত্যা প্রচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই উপদেষ্টা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদিন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি।
মামলায় পুলিশ কনস্টেবল মুস্তাফিজুর রহমান ও আলমগীর হোসেনের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা ছাড়াও বিচারপতি ফরিদ আহমেদের গাড়িতে ভাংচুরের অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার সকালে মামলা হওয়ার কথা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম। তিনি জানান, বাবুপুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব উল আলম বাদী হয়ে করা মামলাটিতে ১৫ জনের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে ২০০/২৫০ জনকে।
সোমবার হাইকোর্ট চত্ত্বরে দুপরে কালো পতাকা মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালান বিএনপি সমর্থিত আইনজীবীরা। এ ঘটনায় সেখানে কর্মরত পুলিশ কনস্টেবল মুস্তাফিজুর রহমান ও আলমগীর হোসেন আহত হন।
আহত পুলিশ সদস্য মুস্তাফিজ বলেন, লাঠি হাতে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় আইনজীবীদের বাধা দেওয়া হয়। এ সময় তারা একজন আমার মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হন বলে জানান তিনি।
ঘটনার পরপরই ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার আবদুল বাতেন ও শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এএইচ





