বিডিআর বিদ্রোহের প্রকৃত রহস্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি করেন।

মাহবুবুর রহমান বলেন, সাত বছর আগে এই দিনে বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে এ ঘটনার বিচার হচ্ছে। বিচারের নামে প্রহসনও চলছে। ফলে প্রকৃত হত্যাকারীরা, ষড়যন্ত্রকারীরা রহস্যময় থেকে গেছে। তদন্তে কী ছিল তা নিহতদের পরিবার বা আমরা কেউ জানি না। যারা এই ঘটনায় জড়িত, তাদের শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানান সাবেক এই সেনাপ্রধান।

মাহবুবুর রহমান বলেন, বিডিয়ার বিদ্রোহের প্রকৃত রহস্য এখনও উন্মোচিত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিচার করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্ববাসী জানতে চায়- কারা এর সঙ্গে জড়িত? এ ঘটনায় যেসব গডফাদারেরা এখনও লুকিয়ে আছে, তাদের বিচার করতে হবে।

ওএফ