বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি অমিত শাহর ফোনালাপ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই বলে দাবী করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।
শুক্রবার রাত ৮টায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মারুফ কামাল আরও উল্লেখ করেন, খালেদা-অমিত শাহর ফোনালাপ নিয়ে কতিপয় সংবাদ মাধ্যমের বিভ্রান্তিকর প্রচারণায় আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে সকলকে আবারো জানাতে চাই- সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার দেয়া তথ্য সম্পূর্ণ সঠিক। বিজেপি প্রধান সরাসরি টেলিফোন আলাপে বেগম খালেদা জিয়ার কুশলাদি সম্পর্কে অবহিত হয়েছেন।
অমিত শাহ কিংবা তার অধীনস্ত সংশ্লিষ্ট কারো কাছ থেকে এর সত্যতা নিরুপণ না করে অজ্ঞাতনামা কূটনৈতিক বা অন্যান্য সূত্রের বরাত দিয়ে বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা খুবই অনভিপ্রেত।
বিএনপির প্রেস সচিব আরও বলেন, প্রতিবেশি দুইটি দেশের দু’টি রাজনৈতিক দলের প্রধানের মধ্যে টেলিফোন আলাপ একটি প্রত্যাশিত ও স্বাভাবিক ঘটনা এবং এ নিয়ে ভিত্তিহীন দাবীর যেমন কেনো অবকাশ নেই, তেমনি এ সম্পর্কে বিভ্রান্তির অপচেষ্টাও সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।
এমএইচ/এসএইচ





