বিচারপতিদের অভিসংশন ক্ষমতা সংসদের হাতে নেয়ার তীব্র সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিচারপতিদের শেখ হাসিনার পকেটে নেয়ার জন্যই তাদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে নেয়া হয়েছে।

শনিবার বিকালে জামালপুর জেলা উচ্চবিদ্যালয় মাঠে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, সংবিধানের ষোড়শ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। বিচারকরা স্বাধীনতা হারিয়েছেন। বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয় তাই তারা কোনো আইন করলে জনগণ তা মানবে না। এই আইন আমরাও মানি না, মানি না, মানি না।

আওয়ামী লীগের লোকজন খুন-গুমের সঙ্গে জড়িত এমন দাবী করে তিনি বলেন, আমরা র‌্যাব গঠন করেছিলাম সন্ত্রাসীদের ধরতে ও আইন-শৃঙ্খলা ঠিক রাখতে। আর আওয়ামী লীগ র‌্যাবকে এখন খুনী বাহিনীতে পরিণত করেছে। র‌্যাব এখন টাকার বিনিময়ে মানুষ খুন করেছে। তাই অবিলম্বে র‌্যাবকে বাতিল করতে হবে।

বেগম জিয়া পরিসংখ্যান তুলে ধরে বলেন, এই সরকার ৫ জানুয়ারির আগে বিএনপির ৩১০ জন নেতাকর্মীকে খুন ও ৫৬ জন নেতাকর্মীকে গুম করেছে। তাদের হাতে দেশের মানুষও নিরাপদ নয় প্রতিদিনই মানুষ গুম-খুনের শিকার হচ্ছে। তাই আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও ছিনতাইকারীর দল। আওয়ামী লীগের জন্যই দেশের এ অবস্থা।

সম্প্রচার নীতিমালার বিরোধীতা করে বিএনপি চেয়ারপারসন বলেন, সরকার দেশে বাকশাল কায়েম করতে চায়। এজন্যই তারা গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। এর মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের অপকর্ম যেন প্রকাশিত না হয় তার ব্যবস্থা করতে চায়। এমনকি তারা টকশো নিয়ন্ত্রণ করতে চায় যেন শুধু তেলবাজরা কথা বলতে পারে।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল তালুকদার সভাপতিত্বে সভায় ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সারা দেশে গুম-খুন, হামলা-মামলা, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের জন্য সংবিধানের ষোড়শ সংশোধনী ও গণমাধ্যমের কন্ঠরোধে সম্প্রচার নীতিমালা বাতিলের দাবীতে এই জনসভা অনুষ্ঠিত হয়।

ঢাকা, এমএইচ, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম