ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির কার্যালয় অবরুদ্ধ করে যারা ভাঙচুর করেছে তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, নিপীড়ন-বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে যারা ভিসি কার্যালয়ের গেট ভেঙেছে, তাদের শাস্তি হওয়া উচিত।
আজ (বুধবার) সকালে মানিক মিয়া এভিনিউর রাজধানী উচ্চ বিদ্যালয়ের সামনে ‘সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন’ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভিসির অফিসের গেট ভেঙে ঢোকার কি কোনো নিয়ম আছে? এটা কি কোনো গণতান্ত্রিক পন্থা, এটা কি আন্দোলনের অংশ?
তিনি বলেন, “ভিসি আমাকে বলেছেন, কলাপসিবল গেট ভেঙে যেভাবে অ্যাটাক করা হয়েছে, ছাত্রলীগের ছেলে-মেয়েরা যদি এসে উদ্ধার না করতো, তাহলে তার জীবনের উপর হামলার আশঙ্কা থাকতো।” ভাঙচুরকরীদের সঙ্গে ছাত্রলীগের মারামারির ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।
কাদের বলেন, “যারা ভিসিকে উদ্ধার করতে গেছে, তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরমধ্যে ছাত্রলীগও ছিল। তবে তারা ছাত্রলীগ করে ঠিক, কিন্তু এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।” সেতুমন্ত্রী বলেন, ছাত্রলীগ যদি অপরাধী হয় তাহলে অপরাধের শাস্তি আমরা দিয়ে আসছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ছাত্রলীগকে অবশ্যই শাস্তি পেতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের বৈঠকের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে বসে সংসদের কার্যপ্রণালী নিয়ে কথা বলেছেন। বলতেই পারেন। এটি রাষ্ট্রপতির নিয়োগের বিষয় নয়। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে এটা স্বাভাবিক ঘটনা। তবে, বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে ব্যক্তি তিনিই রাষ্ট্রপতি হবেন।”
এমবি





