[b]ঢাকা:[/b] ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রক্ষমাতায় কারা থাকবে তা ঠিক করবে জনগণ।
তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী ভারত।
খালেদা জিয়ার সাথে পঙ্কজ শরণের বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব কথা জানান।
তিনি বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অতীতে যেভাবে বিএনপি সরকারের সঙ্গে ভারত কাজ করেছে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে আরো সুসম্পর্কের ভিত্তিতে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়েছেন পঙ্কজ শরণ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ভারতের সঙ্গে পারস্পরিক সুসম্পর্কেও অঙ্গীকারের কথা জানান হাই কমিশনারকে। ভারতীয় কর্তৃপক্ষ ও রাজনীতিকদের খোঁজখবর নেন চেয়ারপার্সন এবং হাই কমিশনারের মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানান।  
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।
বৃহস্পতিবার রাত ৮টায় খালেদার কার্যালয়ে যান পঙ্কজ। খালেদা জিয়া আসেন সোয়া আটটায়। এরপর তারা প্রায় এক ঘন্টা বৈঠক করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ। তবে পঙ্কজ শরণ বৈঠক থেকে বের হয়ে কোন কথা বলেননি।
বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর খালেদার সঙ্গে আর সাক্ষাৎ হয়নি ভারতীয় হাইকমিশনারের।
পঙ্কজের সঙ্গে খালেদার শেষ দেখা হয়েছিল গত মাসের প্রথম সপ্তাহে। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে হাইকমিশনারও তখন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠকে ছিলেন।