শুক্রবার নগরীর লালদিঘীর মাঠে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনকে ঘিরে প্রচার-প্রচারণায় মুখরিত বন্দরনগরী চট্টগ্রাম।
হেফাজত কর্মীরা সিএনজি অটোরিক্সায় মাইক লাগিয়ে নগরী ও জেলার প্রায় প্রতিটি উপজেলার প্রতিটি সড়ক এবং অলিতে গলিতে প্রচারণা চালাচ্ছে।
বিতরণ করা হচ্ছে রেসালত সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র এবং লিফলেট।
চট্টগ্রাম মহানগর পুলিশের কাছ থেকে ৯টি বিশেষ এবং কঠোর শর্তে দুই দিনব্যাপী সম্মেলনের অনুমতি পাওয়ার পর এই রেসালত সম্মেলনের মাধ্যমে চট্টগ্রামের মাঠ কাঁপাতে সর্বাত্বকভাবে মাঠে নেমেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর লালদিঘীর মাঠে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ চলছে। মুল মাঠে প্যান্ডেল তৈরি মোটামুটি সম্পন্ন হলেও মঞ্চ তৈরির কাজ শেষ করতে পারেনি। মঞ্চ তৈরির সাথে সংশ্লিষ্ট কয়েকজন হেফাজত কর্মী জানিয়েছেন অনুষ্ঠান শুরুর আগে প্রস্তুতি সম্পন্ন হবে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় মাইক স্থাপন করা হয়েছে।
এই মাইক থেকেও রেসালত সম্মেলনে যোগ দিতে সর্বস্তরের মুসলিম জনগণকে আহ্বান জানানো হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম মহানগরী এলাকা ছাড়াও জেলার হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, বাঁশখালী, সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলাতে হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে ব্যাপক প্রচারণা চলছে।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আমরা কোন রাজনৈতিক কর্মসূচি পালন করছি না। শানে রেসালত সম্মেলন একটি ধর্মীয় অনুষ্ঠানমাত্র। এই ধর্মীয় অনুষ্ঠানে সারাদেশ থেকে ইসলামপ্রিয় মানুষ অংশগ্রহণ করবে।’
দুই দিনব্যাপী এই সম্মেলনে সারাদেশ থেকে কমপক্ষে দুই লাখ মানুষ সমবেত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সড়ক-মহাসড়ক, অলিগলি মাইকিং, লিফলেট বিতরণের পাশাপাশি হেফাজতে ইসলামের এই সম্মেলনের প্রচারণা অনলাইনেও ছড়িয়ে পড়েছে। হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের পরিচালিত কয়েকটি ফেসবুক গ্রুপ ও ব্লগে এই রেসালত সম্মেলনের প্রচারণা চলছে। জামায়াত শিবির সমর্থিক কয়েকটি ফেসবুক গ্রুপেও হেফাজতে ইসলামের রেসালত সম্মেলনের প্রচারণা চালাতে দেখা গেছে।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]