হোটেল সোনারগাঁওয়ে এক আড্ডায় চেয়ার টেনে বসার সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে হাসিমুখে বলেন, "দূরে নয়, কাছেই থাকুন"।
হাস্যজ্জ্বল ফখরুলও প্রত্যুত্তরে বলেন, "আমরা কখনোই দূরে সরে যাই নি। আপনাদের কাছেই ছিলাম বরং আপনারাই দূরে সরে গেছেন"।
শুক্রবার সকাল পৌনে ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত তারা এ আড্ডায় মেতে ছিলেন।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিমের সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে এক ব্রেকফাস্ট মিটিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।
শুক্রবার সকাল সোয়া নয়টায় এ মিটিং শুরু হয়।
এ সময় বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতবিনিময় উপলক্ষে সেখানে একে একে উপস্থিত হন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানসহ অন্য নেতারা।
সেখানে আগে থেকেই উপস্থিত থাকা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান এবং দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার তারিক এ করিমের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ হয়।
এ সময় তারা একে অন্যের সঙ্গে করমর্দন এবং হাসিমুখে কুশল বিনিময় করেন।
ঢাকা, ২৭ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





