বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ (১৫ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জোটের নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান ফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
তিনি বলেন, “আজকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আমরা যতগুলো দল মিলে জাতীয় ঐক্যফ্রন্ট করেছি, আমরা সকলে একটি কমন প্রতীকে নির্বাচন করব। সেই কমন প্রতীক হবে ধানের শীষ।”
বিএনপিসহ কয়েকটি নিবন্ধিত ও অনিবন্ধিত দল নিয়ে গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে ৭ দফা দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ছিল তাদের ওই ৭ দফার মধ্যে।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচন পোছানোর জন্য বুধবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সঙ্গেও বৈঠক করে ঐক্যফ্রন্ট। ওই বৈঠক তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩ সপ্তাহ পেছানোর দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। এছাড়া, আরও কিছু দাবি নির্বাচন কমিশনের কাছে জানান। কমিশন তাদের এই দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছিলেন ড. কামাল হোসেন।
এমবি





