বিরোধী জোটভুক্ত বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন বলেছেন, গুম, খুন ও গণ গ্রেফতার করে সরকারে পতন ঠেকানো যাবে না। ২০ দলীয় জোটের শান্তিপূণ অবরোধ কর্মসূচি এখন ১৬ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে পরিূত হয়েছে।

শুক্রবার সকালে পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃর্শত মুক্তির দাবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহম্মেদের সন্ধান দাবিতে ২১শে মিলনায়তনে ঢাকা মহানগর লেবার পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার ২০ দলীয় জোটের শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করার হীন উদ্দেশ্যে সন্ত্রাস নৈরাজ্যের পথ বেছে নিয়েছে।

লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী ডা. মোস্তাফিজুর রহমান ইরান সহ সকল রাজবন্দির মিথ্যা মামলা প্রত্যাহার নিঃশর্ত মুক্তি দাবি এবং সালাহ উদ্দিন আহমদের সন্ধান দাবি করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।

ঢাকা মহানগর লেবার পার্টির সভাপতি সামছুদ্দিন পারভেজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফারুক রহমান, মহানগর সাধারণ সম্পাদক মাহমুদ খান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র ফোরাম আহবায়ক কামরুল ইসলাম সুরুজ, শিক্ষক নেতা শেখ মিজানুর রহমান প্রমূখ।

এমএইচ/ এআর