বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে। তাই চুপ করে বসে থাকার সময় নেই। নিজেদের অস্তিত্বের প্রয়োজনে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন একটি সরকার গঠন করতে হবে, যে সরকার জনগণের অধিকার রক্ষা করবে।
আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে উজানের দেশ ভারত অভিন্ন ৫৪ টি নদীর ৫৩টি নদীতে বাঁধ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ফখরুল  বলেন, সরকার বলেছে তিস্তা চুক্তি করবে। কিন্তু নতজানু দাসসুলভ পররাষ্ট্রনীতির জন্য তিস্তা চুক্তি হবে না। কারণ তারা দাবি আদায় করতে পারে না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘মওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, জনগণের উপর আস্থা না রেখে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে।
সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাজাহান, সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ, প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার।
[b]ঢাকা, ১৫ মে (টাউইমনিউজবিডি.কম)//এনএস [/b]