রাজীব হোসেনের হাত হারানো এবং তার মৃত্যুর সঙ্গে সড়ক ব্যবস্থাপনার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “ওই ছেলেটাও ভুল করতে পারে। তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে।”    

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র রাজীবের মৃত্যুর পরদিন সংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের এমন মন্তব্য এল।

আজ (বুধবার) সকালে ঢাকার হাতিরঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে যান কাদের।

সেখানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “সড়কের খারাপ-ভালো তো এর সঙ্গে জড়িত না। যারা চালাচ্ছে এবং গাড়িতে যারা আরোহী, তারা এর সঙ্গে দায়ী। হতে পারে ওই ছেলেটাও ভুল করতে পারে। তার দাঁড়ানোটা সঠিক নাও হতে পারে। এ ব্যপারে চালকদের সচেতন হতে হবে।”

গত ৩ এপ্রিল কারওয়ান বাজার মোড়ে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের প্রতিযোগিতার মধ্যে বিআরটিসির যাত্রী রাজীবের ডান কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথার সামনের ও পেছনের হাড় ভেঙে যায় এবং ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে।

রাজীবের ওই দুর্ঘটনা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সোমবার (১৬ এপ্রিল) রাতে ওই তরুণের মৃত্যু হয়।

বুধবার একটি জাতীয় দৈনিকে রাজীবের মৃত্যুর জন্য সড়কের অব্যবস্থাকে দায়ী করা হলেও মন্ত্রী ওবায়দুল কাদের তা মানতে রাজি নন।

তিনি বলেন, “ছেলেটার (রাজীব) হাত চলে গেছে, একটা ইমপরটেন্ট কাগজে আমি দেখলাম, সড়ক ব্যবস্থাপনাকে দায়ী করা হয়েছে। এর সঙ্গে সড়ক ব্যবস্থাপনার কী সম্পর্ক?

মন্ত্রী হিসেবে তাহলে কাকে দায়ী করবেন- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “এ ব্যাপারে চালকদের সচেতনতা খুব জরুরি। এখানে সড়কের কোনো সম্পর্ক নেই।গাড়ি ওভারটেক করতে গিয়ে একজনের হাত গেল, এর সঙ্গে সড়কের কী সম্পর্ক।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “কোটা সংস্কার আন্দোলন ভিসির বাড়ি তছনছ হল, ভিসির কী সম্পর্ক কোটার সঙ্গে? এটাও (সড়ক দুর্ঘটনা) তো ওরকম একটা কিছু। এখানে তো পরিবহন ব্যবস্থাপনা দায়ী। আপনি সড়ক কেন লিখবেন?”

এমবি