বিএনপি নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে সরকার উদ্দেশ্যমূলকভাবে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবেই এটা করছে। কিন্তু বিএনপি আন্দোলনের আছে, থাকবে। নেতাকর্মীদের নামে যতই অন্যায়ভাবে মামলা, গ্রেফতার হবে আন্দোলনের তীব্রতা ততই বাড়বে। মিথ্যা মামলার চার্জশীট দিয়ে আন্দোলন দমানো যাবে না

ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তাবক অর্পন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় শিগগিরই স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করে এবং শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান মির্জা আলমগীর।
মির্জা আলমগীর বলেন, ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় এসেই বিরোদী দল ও মতকে নির্মূল করতে সব ধরণের ব্যবস্থা নিয়েছে। তারা একের পর এক মিথ্যা মামলা, গ্রেফতার নির্যাতন চালিয়ে আসছে। সরকার যতই দমন-পীড়ন করুক জনগনের গণতান্ত্রিক অধিকার আদায়ে আমাদের আন্দোলন চলছে, চলবে।

অবৈধ জবর দখলদার সরকারের বিরুদ্ধে আন্দোলন চলমান রয়েছে মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, আন্দোলন কোন মূহুর্তের ঘটনা নয়। এই অবৈধ সরকারের প্রথম থেকেই আমরা এদের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। জনগনের ভোটের অধিকার আদায়ে ও সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি।

গণমাধ্যমের কন্ঠরোধ করতেই সম্প্রচার নীতিমালা করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই নীতিমালার মাধ্যমে সংবাদ পত্রের স্বাধীনতা হরণ করা হয়েছে। আমরা দীর্ঘকাল সংগ্রাম করে যে স্বাধীনতা অর্জন করেছি তা হরণ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

সম্প্রতি ১৫ আগষ্ট নিয়ে সরকারি দলের চাঁদাবাজির সমালোচনা করেন তিনি বলেন, চাঁদাবাজি,সন্ত্রাসী আ’লীগের পুরোনো অভ্যাস। আগে তারা নিজেরা করতো এখন এজেন্ট নিয়োগের মাধ্যমে চাঁদাবাজি করছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ড্যাবের সভাপতি ডা. আজিজুল হক, মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা, এমএইচ, ০৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম