বর্তমান সরকার প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ধ্বংস করে এখন বিচার বিভাগকে দলীয় করণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেছেন, যে নিবার্চন করেছেন এটা কোনো নির্বাচন নয়। এই নির্বাচনে জনগণের কোনো সমর্থন নেই। তাই এখনো সময় আছে ভালো ভালোই নির্বাচনের ব্যবস্থা করেন। আর তা নাহলে জনগণ আপনাদেরকে বাধ্য করবে নিবার্চন দিতে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও আদালত পরিবর্তনের প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, এই সরকার দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। তারা বিরোধীদের সভা সমাবেশ করতে দিতে চায় না। ঢাকায় তারা কোনো সভা সমাবেশ করার অনুমতি দিচ্ছে না তার কারণ তাদের মধ্যে ভয় কাজ করছে। জনগণ যদি রাজপথে নেমে পড়ে তাহলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। এসময় তিনি গণতন্ত্র ধবংসকারী ও অধিকার হরণকারী সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে প্রেসক্লাবে নয় রাজপথে প্রতিবাদ করার জন্য ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, মামলা মোকাদ্দামা করে, গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকবে এটা আপনাদের দুরাশা ছাড়া আর কিছুই না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাষ্ট্রযন্ত্র ও বন্দুকের জোরে ক্ষমতায় টিকে থাকতে তথা কথিত সরকার, অনৈতিক, অবৈধ ও স্বঘোষিত সরকার গণতন্ত্রের মৃত্যু ঘন্টা  বাজিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারতের নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। সে দেশের নির্বাচনে গণতন্ত্রের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মোদি। আর বাংলাদেশে তিন বারের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা খালেদা জিয়া র্দীঘদিন লাল পাসর্পোট ব্যবহার করেছেন। নির্বাচন থেকে তাকে কৌশলে সরিয়ে রেখে এখন সাধারণ মানুষের মতো পাসর্পোট আনতে বাধ্য করেছে এই অবৈধ সরকার।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া যাতে রাজনীতি করতে না পারেন, নির্বাচন করতে না পারেন। সেজন্য তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দেয়া হচ্ছে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব  করেন মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা। বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ,২০মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
[/b]