প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন  বলেছেন, ধানাই-পানাই করে কোনো লাভ হবে না। আগামী ফেব্রুয়ারির মধ্যে সাধারণ নির্বাচন দিতে হবে। কারণ সরকার এখন টিকে আছে কেবল আইন-শৃঙ্খলা বাহিনীর উপর ভর করে।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাবেক সহকারী এটর্নি জেনারেল এম ইউ আহমেদের মৃত্যু বাষির্কী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খোকন বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আজকে তারেক রহমানকে জড়িয়ে কথা বলা হচ্ছে। কিন্তু এটি আদালত অবমাননার শামিল।

তিনি বলেন, ২২ বছর পর প্রধানমন্ত্রী তার বাবার খুনের বিচার করেছেন। আমরা বলতে চাই, বিএনপি ক্ষমতাই এলে অবশ্যই এম ইউ আহমেদের হত্যার সঙ্গে জড়িত সকলের বিচার করা হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জয়নাল আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

এছাড়াও এসময় আরো বক্তব্য রাখেন এডভোকেট বদরোদ্দজা বাদল, এডভোকেট জয়নুল আবেদীন, এডভোকেট সানাউল্যা মিয়া প্রমুখ।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ