জনসভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে কুমিল্লার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে বের হন তিনি।
তার সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ।

যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে কাঁচপুর ব্রিজ হয়ে তিনি কুমিল্লা জেলা সার্কিট হাউজে পৌঁছাবেন বলে দলটির একটি সূত্র নিশ্চিত করেছে।

সেখানে বেশ কিছুক্ষণ বিশ্রামের পর বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা শহরের টাউনহল মাঠে ২০ দলীয় জোটের আয়োজিত জনসভায় তার যোগ দেয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টায় শহরের টাউনহল মাঠে কুমিল্লা জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- খালেদা জিয়া।

এসময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

এমএইচ/এআর