বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার (১৪ অক্টোবর) সারাদেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
এদিন সব জেলা, মহানগরী ও রাজধানী ঢাকার প্রতিটি থানায় এ কর্মসূচি পালন করা হবে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
রিজভী বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন। বিষয়টি তার আইনজীবীরা আদালতকে জানিয়েছেন এবং এ সংক্রান্ত কাগজপত্রও জমা দিয়েছেন। তারপরও আদালত খালেদা জিয়ার জামিন বাতিল করেছেন।
তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের সর্বোচ্চ জায়গার নির্দেশে খালেদা জিয়ার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, এটা জাতির বুঝতে সমস্যা হচ্ছে না।
এমবি





