বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি আন্দোলনে নেই- এটা ভুল। আমরা আন্দোলনে আছি, থাকব। সময় মত জনগণকে সম্পৃক্ত করে অবৈধ সরকারের পতন ঘটানো হবে।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু জানানোর জন্যই এ সংবাদ সম্মেলন আহবান করা হয়।

অবৈধ সরকারের দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড রোধ করতে জাতিসংঘের আহবান প্রসঙ্গে বিএনপির অভিমত জানতে চাইলে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপি কোন মন্তব্য করেনি।

যুদ্ধাপরাধের বিচার হোক বিএনপি তা চায়। তবে তা হতে হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দাকার মাহবুব হোসেন, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষা বিয়ষক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ।

এআর