গণতন্ত্র ফিরিয়ে আনতে এদেশের জনগণ কখনও আপস করেনি এখন করবে না এমন দাবী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলায়তনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন আয়োজিত সম্প্রচার নীতিমালা একনায়কতন্ত্র বিষয়ক গোল টেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,  এদেশের জনগণ অতীতে ও ব্রিটিশ, পাকিস্তান ও স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে আনছে। এবার এ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে  গণতন্ত্র ফিরিয়ে আনবে। হামলা-মামলা,গুম খুন করে লাভ হবে না। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এজন্য তাদের সব কর্মকান্ড জনগণের বিরুদ্ধে।

তিনি বলেন, গণতন্ত্র না থাকলে সংবাদ পত্রের স্বাধীনতা থাকবে না। আওয়ামী লীগ ও গণতন্ত্র এক সাথে যায় না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র হত্যা করে। অতীতে তারা বাকশাল কায়েম করেছিল এবারও তারা উপরের খোলশ পরিবর্তন করে একদলীয় শাসনের দিকে যাচ্ছে। 

তিনি আরো বলেন, সরকার ক্ষমতাকে অবিনশ্বর করতেই একের পর এক সংবিধান সংশোধন করছে। জাতীয় সম্প্রচার নীতিমালা করে সংবাদ পত্রের কন্ঠরোধ করা হচ্ছে। সাংবাদিকদের সত্য বলা ও লেখা থেকে বিরত রাখা হচ্ছে। আর অভিশংসনের মাধ্যমে বিচারপতিদের মানসিক ও পেশাগত চাপে রেখে সঠিক বিচার থেকে বিরত রাখছে সরকার। 

ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন করার নৈতিক অধিকার এ সরকারের নেই।  তারা জনগনের ভোটে নির্বাচিত নন। তারা যে বিচারপতিদের অভিশংসনের আইন করছে তা হবে আওয়ামী লীগের দলীয় বিচার।

জাতীয় ঐক্য হয়েছে এমন দাবি করে বিএনপির এই মূখপাত্র বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এজন্য জাতীয় ঐক্যও প্রয়োজন। একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে দেশে গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই। সবাইকে এক হয়ে বেগম  খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে এ স্বৈরাচারী সরকারের বিদায় ঘটাতে হবে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোহাম্মাদ সাখাওয়াত হোসেন চেীধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, গনস্বাস্থ কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।

ঢাকা, এমএইচ, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ