একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির গোলাম আযমের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে একটি আনন্দ মিছিল বের হয়।
রাত ১টার দিকে এ মিছিল বের হয়।
মিছিলটি টিএসসি থেকে শাহবাগ মোড় হয়ে আবার টিএসসিতে ফিরে আসে। মিছিলে ছাত্রলীগ, গণজাগরণ মঞ্চের একাংশ ও ঢাকা বিশ্ববিদ্যলয়ের ফিল্ম সোসাইটিসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
‘এই মুহূর্তে খবর এল গোলাম আযমের মৃত্যু হলো, মুক্তিযুদ্ধের বাংলায় গোলাম আযমের ঠাঁই নাই, গোলাম আযম রাজাকার, তার মুখে থু থু মার।’ মিছিলে এরকম স্লোগান দিতে শোনা যায়।
মিছিলে ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দী, গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা, ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির প্রাক্তন সভাপতি জামিল আক্তার, সাংবাদিক আলী আসিফ শাওনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দকে দেখা যায়।
জেএ





