সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার সকালে রাজধানীর মানিকগরে খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তাপস বলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্য মানহানিকর। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এদিন, দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন। এই অভিযোগ তার নিজের নয় বলেও জানান তাপস। সাবেক মেয়রের এমন বিষোদগার ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন ধরে বক্স কালভার্ট এর ময়লা আবর্জনা পরিষ্কার কাজ বন্ধ ছিল এমন অভিযোগ করে তিনি বলেন, ওয়াসার কাছ থেকে যেসব যন্ত্রপাতি তারা বুঝে পেয়েছেন সেগুলোর বেশিরভাগই অচল। আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরবাসী সুফল পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র তাপস বলেন, সাবেক মেয়র সাঈদ খোকন আমাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, এগুলো আমার কাছে কোনো গুরুত্ব বহন করে না।

এএস