লন্ডনে বঙ্গবন্ধুকে কটুক্তি করে দেয়া বক্তব্য প্রত্যাহার করে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নি:শর্ত ক্ষমা চাইতে হবে।
অন্যথায় দেশের কোথাও বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।
ছাত্রলীগ সভাপতি বলেন, তারেকের মস্তিস্ক বিকৃতি ঘটেছে-এই কারণ দেখিয়ে অবিলম্বে তাকে বিএনপি থেকে বহিস্কার করতে হবে। সেই সঙ্গে তার বক্তব্য প্রত্যাহার করে নি:শর্ত ক্ষমা চাইতে হবে।
অন্যথায় আগামী ২৭শে ডিসেম্বর থেকে বিএনপিকে দেশের কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। রাজপথে তাদের মোকাবেলা করা হবে। সোহাগ আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারেককে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
সমাবেশে তারেক রহমানের কুশপুতুল পোড়ানো হয়। এছাড়া তারেকের বক্তব্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দেয়া হয়।
এসএইচ





