বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভুক্ত রয়েছেন বলে দাবি করেছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

রোববার দুপুরে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের জন্য আনা খাবার সরবারাহে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর কার্যালয়ের পশ্চিম পাশের পকেট গেটের সামনে দাঁড়িয়ে সেলিমা রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অভুক্ত রয়েছেন। তার কার্যালয়ে অবস্থানকারীদের রেখে তিনি খেতে পারছেন না।’

এ নিয়ে পঞ্চম দিনের মতো খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খাবার সরবরাহে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খালেদা জিয়ার কার্যালয়ে খাবার প্রবেশ নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে সরকার—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, খালেদা জিয়ার কার্যালয়ের খাবার সরবরাহ বন্ধ করা হয়নি। কার নির্দেশে খাবার বন্ধ করা হয়েছে, আমরা জানতে চাই।’

এ সময় প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘পাঁচদিন ধরে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আমরা যারা অবস্থান করছি তাদের খাবার নিতে দিচ্ছে না। আমাদের খাবার কেড়ে নিয়ে থানায় নিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল (শনিবার) পুলিশের আইজি বলেছেন, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খাবার বন্ধ করা হয়নি। তারপরও কেন আমাদের খাবার নিতে দিচ্ছে না পুলিশ?’

জেএ