জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, জম্মু ও কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার যে বক্তব্য রেখেছেন তা সত্যের অপলাপ মাত্র, যা এই উপমহাদেশের জন্য উদ্বেগজনক।

নবনিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারের মন্তব্যে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, জম্মু ও কাশ্মীর ইস্যু অবশ্যই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের ভেতরকার সমস্যা ভারতকেই সমাধান করতে হবে। আমরা লক্ষ্য করছি, জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে ভারত সরকার অনেক অগ্রসর হয়েছেন।

তিনি বলেন, আমরা এই উপমহাদেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করি। জম্মু ও কাশ্মীর প্রশ্নে পাকিস্তান যে বক্তব্য রেখেছে তাতে এই উপমহাদেশের নিরাপত্তার প্রশ্নে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল তাদের মুখে গণহত্যার অভিযোগ বেমানান।

আলোচনার মাধ্যমে শান্তির পথ খুঁজে বের করার আহ্বান জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এখন যেহেতু এই উপমহাদেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে- তার মধ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে না করে পাকিস্তানের উচিৎ হবে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে সব অমিমাংসীত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা।

এমআর