প্রশাসনের অনুমতি না পেয়ে ‘আন্তর্জাতিক গুম দিবস’উপলক্ষ্যে ২০ দলের পূর্বঘোষিত শনিবারের মানববন্ধন কর্মসূচি আগামী ২ সেপ্টেম্বর পালন করবে। তবে কর্মসূচির স্থান ও সময় পরে জানানো হবে বলে জানিয়েছেন জোট নেতারা।

শনিবার সকালে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির নতুন তারিখের ঘোষণা করেন।

এর আগে শুক্রবার রাতেই কর্মসূচির সময় পরিবর্তনের কথা জানিয়েছিলেন দলীয় নেতাকর্মীরা। তবে বিষয়টি জোটের কোনো সিনিয়র নেতা নিশ্চিত করেনি।

গত ২৫ আগস্ট দলের দফতরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ২০ দলের পক্ষে এই কর্মসূচি ঘোষণা দেন।

প্রথমে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিলেও প্রশাসনের অনুমতি মেলেনি। পরে কর্মসূচিটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন নাইটিঙ্গেল মোড় থেকে শুরু করার ঘোষণা দেয়া হয়।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর