‘আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা মহানগর উত্তরের মেয়র পদে আনিসুল হককে সমর্থন দিয়েছে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।'

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম-আহবায়ক জেড এম কামরুল আনাম লিখিত বক্তব্যে এ সমর্থন দেয়ার কথা বলেন।

কামরুল আনাম বলেন,‘অতীতের সকল ইতিহাস যাচাই করে আমরা ঢাকা মহানগর উত্তরের মেয়র প্রার্থী সৎ, যোগ্য আনিসুল হককে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি।

সংগঠনের এই নেতা বলেন,‘সন্ত্রাসের মদদ দাতা পেট্রল বোমা মেরে নিরীহ মানুষ হত্যা, যানবাহন সম্পদ শিক্ষা ব্যবস্থা ধ্বংশকারী এবং এদের আশ্রয় দাতাদেরকে আমরা ভোট দিতে পারি না, আপনারাও ভোট দিবেন না।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে যে নির্বাচনকে ঘিরে এত আয়োজন সে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা ডিসিসি উত্তরের জন্য একজন যোগ্য ও দক্ষ প্রার্থীর পক্ষে সমর্থন জানাতে ঐক্যবদ্ধ হয়েছি। যাতে করে গার্মেন্টস সেক্টরের লক্ষ লক্ষ শ্রমিক তাদের অধিকার ফিরে পায়।

তারা যেন নিয়মিত বেতন পায়। পাশাপাশি নাগরিক অধিকারের সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে। এমন একজন প্রার্থীকেই আমরা বেছে নিতে সক্ষম হয়েছি। আমরা আশা করি সে নির্বাচিত হলে শ্রমিকদের ও নগরবাসীর মঙ্গল হবে।

সে লক্ষে তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল- গার্মেন্টস শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে রাখা, রেশনিং প্রথা পূণ চালু শ্রমিকদের জীবন বীমা নিশ্চিত করা, প্রভিডেন্ট ফান্ড চারু করা, আধুনিক ডে কেয়ার ও শিশু স্কুল স্থাপন করা।

সংবাদ সম্মেলনে ৫৪ টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠন দাবি করলে সে অনুযায়ী লোক না থাকায় ২১জন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সংবাদ সম্মেলন সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়েছে। আমাদের সবার না থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লীমা ফেরদৌস, শামীমা নাসরীন, আব্দুল ওয়াহেদ, লাভলী ইয়াসিমীন, জাহানারা বেগম প্রমুখ।

এমএ/এমকে