বর্তমান সরকার যে বাজেট পাশ করতে যাচ্ছে তা আওয়ামী লীগ নেতাদের ভবিষ্যত লুটপাটের জন্য তৈরী করা হয়েছেবলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শাহবাগ থানা বিএনপি আয়োজিত বিএনপি নেতা চৌধুরী আলম অপহরণের ৪ বছর পূর্তি উপলক্ষে এবং তার সন্ধান ও মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকারি পর্যায়ে ব্যাংক ডাকাতি করেছে সরকার মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, ইতিহাসেএমন নজির নেই যে সরকারিভাবে ব্যাংকগুলোতে লুটপাট চালানো হয়েছে।এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে যাবে। এসময় তিনি বর্তমান বাজেটে কালো টাকা সাদা করার সরকারি নীতির বিরোধীতা করেন।
গত এক বছরে সর্বোচ্চ পরিমাণটাকা বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে জমা হয়েছে উল্লেখ করে মির্জা আলমগীর বলেন, সুইস ব্যাংকে কে কত টাকা পাচার করেছে তা বের করতে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে করতে হবে।
তিনি বলেন, মানি লন্ডারিং-এর মাধ্যমে আওয়ামীলীগের নেতারা কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নিউইয়র্ক, লন্ডনে বাড়ি তৈরী করেছেন। সেখানে তারা বাংলাদেশের মতো সিটি গড়ে তুলেছেন। তারা কিভাবে এত টাকা বিদেশে পাচার করলো তা তদন্ত করে বের করতে হবে।
বর্তমানে দেশে ফ্যাসিবাদের রাজত্ব চলছে মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এই যে ফ্যসিবাদ যখন ক্ষমতায় আসে তখন বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেয়। ফ্যাসিবাদের লক্ষণ হলো তারা দেশের বুদ্ধিজীবি, পেশাজীবি, সাংবাদিকসহ সকল শ্রেণীকে ভীত করে তোলে। আর তখনই ফ্যাসিবাদের চরম রুপ দেখা যায়। বর্তমানেও তাই চলছে। মিরপুরের বিহারীপল্লী ,নারায়ণগঞ্জে,ফেনীতে আমরা তারই লক্ষণ দেখেছি।
শাহবাগ থানা বিএনপির আহবায়ক আবুল আহসান তালুকদার ননীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা মহাগনর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





