প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলের কার্যনির্বাহী সংসদের সভা ডেকেছেন ১২ অক্টোবর। ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক হবে।

শনিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকতে দলটির সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর দুজন সদস্য জানিয়েছেন, ওই সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হবে। সভায় কার্যনির্বাহী সংসদের সদস্যদের আনুষ্ঠানিক মতামত নেবেন দলীয় প্রধান শেখ হাসিনা। এরপর লতিফ সিদ্দিকীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

যদিও গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর লতিফ সিদ্দিকীকে দল থেকে বাদ দেয়া হবে। আমার মনে হয় না—কোনো ওয়ার্কিং মেম্বার এর বিরোধিতা করবেন।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সাবেক সাংসদ মো. আবদুছ ছাত্তার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

কেএইচ