ঢাকা:স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল-অবরোধের সহিংসতায় যারা পুড়ে মারা গেছেন, যারা আহত হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন তাদের সবার পরিবারের পুনর্বাসন করবে সরকার।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে নিরীহ মানুষ পুড়িয়ে কোনো কিছু অর্জন করা যায় না। পৃথিবীর ইতিহাসে আন্দোলনের নামে মানুষ পোড়ানোর কোনো নজির নেই। বিএনপি-জামায়াত এ নজির স্থাপন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
১৮-দলীয় জোটের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কারা এসব ঘৃণিত কাজ করছে তাদের চিহ্নিত করার জন্য সাক্ষীর প্রয়োজন নেই। সবাই জানে কারা এগুলো করেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে এ সময় তিনি বলেন, তিনি এখন অন্তত শিক্ষা নিবেন- নিরীহ মানুষকে জ্বালিয়ে কোনো আন্দোলন সফল হয় না। কারণ তাদের সব আন্দোলন মানুষ ঘৃণা করেছে এবং ব্যর্থ হয়েছে।