আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন ‘বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান ফোনে যা বলেছেন, তা করেছেন।তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লাশ ফেলার কথা বলেছেন।তার প্রথম লাশটি গতকাল পড়েছে।এতে কোন সন্দেহ নেই।’

উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উদীয়মান সাংস্কৃতিক কর্মী ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অভিজিৎ রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে এবং তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎস্বাধীন রয়েছে।

শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যাালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন,‘ ১৪ দল মনে করে মান্না- খোকা ফোনালাপে ঢাবিতে লাশ ফেলতে চেয়েছিল এবং ইউনিভার্সিটি এলাকায় গতকাল অভিজিৎ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আমার দেশের ছেলেদের লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। অভিজৎ মান্না-খোকার ফোনালাপের প্রথম লাশ।’

মোহাম্মদ নাসিম বলেন,‘ অসাংবিধানিক পথে ক্ষমতায় যাওয়ার যে চক্রান্ত চলছে তার মুখোশ আজকে উন্মোচিত হয়ে গেছে। ধর্মান্ধ শক্তি যে অভিজিৎ রায়ের হত্যাকান্ডে জড়িত এতে কোন সন্দেহ নেই। এই ধরনের হত্যাকান্ডের মধ্য দিয়ে তারা শুধু ৭১’র ঘাতকদের রক্ষাই নয়, যুদ্ধাপরাধীদের বিচারও বানচাল করতে চায়। এই খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

তিনি আরো বলেন, গণতান্ত্রিক পথে ক্ষমতা হস্তান্তরে আমরা বিশ্বাস করি। কোনভাবেই বিশ্বাস করি না যে, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক শক্তি রক্তের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটাবে। এ ব্যাপারে ১৪ দল সতর্ক আছে।

নাসিম অভিযোগ করেন, সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার চক্রান্ত চলছে। এটা আজ উন্মোচিত হয়ে গেছে। ১৪ দল কোনভাবেই কোন অসাংবিধানিক শক্তির উত্থান হতে দিবে না।যারা অসাংবিধানিক পথে ক্ষমতায় যেতে চায়, তাদের রুখতে হবে। তা না হলে গণতন্ত্র থাকবে না।

নাসিম আরও বলেন, এদেশের গণতান্ত্র ধ্বংসের জন্য যদি কেউ দায়ী থাকেন তাহলে সে খালেদা জিয়া। আইন-বিশ্ব ইজতেমা ও শিশুদের পরীক্ষা কোন কিছুই সে মানে না।তার (খালেদা) করুণ পরিণতির জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

এ সময় পূর্ব ঘোষিত ৮, ৯ ও ১০ মার্চ দেশের বিভিন্ন স্থানের পথযাত্রার ৪ টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য নূহ-উল আলম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য বিষায়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, কার্যীনির্বাহী সদস্য এনামুল হক শামীম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণ আজাদী পার্টির এসকে শিকদার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারন সম্পাদক নুরুর রহমান সেলিম, জাসদের সাধারন সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া প্রমুখ।

এমআর