২০ দলের সমাবেশকে ঘিরে উৎসবের আমেজ লেগেছে জামালপুরে। জেলা শহর ছাড়াও পুরো জামালপুরকেই উৎসবকেন্দ্রের মতো সাজিয়ে নিয়েছেন বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
জনসভা সফল করতে জেলা বিএনপি ও জোটের নেতাকর্মীরা দফায় দফায় বৈঠক আর শহর সাজানোর কাজে ব্যস্ত।
পুরো জামালপুর শহর ঘুরে দেখা গেছে, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কের মোড়ে মোড়ে ব্যাপক সাজে সজ্জিত তোরণ লাগানো হয়েছে। ব্যানার, ফেস্টুনে ভরে ফেলা হয়েছে শহরের প্রতিটি অলি-গলি।
জেলা বিএনপির দাবি, শহরজুড়ে কয়েক হাজার ব্যানার-ফেস্টুনের পাশাপাশি লাগানো হয়েছে সহস্রাধিক তোরণ। অন্তত ২০-৩০ হাত পরপর তোরণ লাগানো হয়েছে।
নেতাকর্মীদের কেউ কেউ দাবি করছেন, সাজগোজের দিক থেকে খালেদার গত একবছরের সবগুলো জনসভাকে ছাড়িয়ে গেছে জামালপুরের আয়োজন। জনসমাগমও সবগুলো জনসভাকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
শহরের প্রধান ছয়টি প্রবেশমুখ রেলগেট মোড়, দয়াময়ী মোড়, ফৌজদারি মোড়, পাঁচ রাস্তার মোড়, ব্রিজ সংলগ্ন মোড়, বিজিবি ক্যাম্প মোড়সহ প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে তোরণ সাজানোর পাশাপাশি খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের রঙিন পোস্টার ও ফেস্টুন লাগানো হয়েছে।
লাগানো হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় থাকা নেতাকর্মীদের শুভকামনার ব্যানার-ফেস্টুনও। তবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন অপেক্ষাকৃত কমই দেখা গেছে।
খালেদা জিয়া-তারেক রহমানকে শুভেচ্ছা সম্বলিত ব্যানার-ফেস্টুনের পাশাপাশি জনসভা সফল করতে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যক্তিগত আহ্বানের ব্যানার-ফেস্টুনেও ছেয়ে গেছে জামালপুর শহরের রাজপথ আর মাঠঘাট।
খালেদার আগমনে ব্যানার-ফেস্টুন ঝোলাতে পদবিধারীদের পাশাপাশি পিছিয়ে নেই পদবঞ্চিত নেতাকর্মীরাও। তারাও জনসভা সফল করতে এবং খালেদা-তারেককে শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেস্টুন সাজিয়েছেন শহরজুড়ে।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে। নেতাকর্মীদেরও ব্যাপক প্রস্তুতি রয়েছে। শনিবারের জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছি।
জামালপুর জেলা ছাড়াও পাশ্ববর্তী শেরপুরসহ নিকটস্থ অন্য জেলাগুলো থেকেও নেতাকর্মীরা দলে দলে জনসভায় যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন ফরিদুল কবির।
সমাবেশ সফল করতে জেলা শহরছাড়াও পুরো জামালপুরজুড়ে চলছে অবিরাম মাইকিং। মাইকিংয়ে জনসভায় দলে দলে যোগ দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এদিকে, জনসভাস্থল স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। মঞ্চ নির্মাণকর্মীদের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আয়োজক নেতারা।
অপরদিকে,জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম জানান,অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থানে থাকবে।
শনিবার জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে জনসভার আয়োজন করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এতে প্রধান অতিথির ভাষণ দেবেন খালেদা।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে এবং দ্রুত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেয়ার দাবিতে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে রাজধানীর গুলশানের বাসভবন থেকে জামালপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন খালেদা।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





