আওয়ামী লীগ ৭৫ সালে গণমাধ্যমের প্রতি যে আচরণ করেছিল আবার সে পথেই হাঁটছে বলে মনে মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৬ জুন সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে রোববার সকালে দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন খালেদা জিয়া।
তিনি আরও বলেন, ‘বর্তমান আওয়ামী সরকার সাংবাদিক ও সংবাদপত্রের ওপর অব্যাহত জুলুম ও খবরদারির খড়গ ঝুলিয়ে তাদের পুরনো পথেই আবার যাত্রা শুরু করেছে। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স সংবাদ কর্মীদের ওপর নির্যাতন ও হত্যা অব্যাহত রেখেছে।
খালেদা জিয়া তার বিবৃতিতে বলেন, ‘১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন। এ দিনে তৎকালীন একদলীয় বাকশাল সরকার তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে বাকিগুলো বন্ধ করে দিয়ে গোটা জাতিকে হতভম্ব করে দিয়েছিল, যার ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিল। অনিশ্চিত হয়ে পড়েছিল তাদের রুজি-রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ।
গণমাধ্যমের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘পরবর্তীকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের কাঙ্খিত বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাকশাল সরকারের সকল প্রকার অগণতান্ত্রিক কালো ধারা বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেন।’
খালেদা জিয়া বলেন, ‘আমি দৃঢ়চিত্রে বিশ্বাস করি সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র একই সত্তা। আমি রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক ভাই ও বোনদের সদা সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’
ঢাকা, এমএইচ, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম)





