বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রতিহিংসার রাজনীতি নয়, গুম,খুন ও হত্যার রাজনীতি নয়। আসুন আমরা এক সাথে বসে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে আমাদের রাষ্ট্র কিভাবে চলবে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করি। আমি আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।’
রোববার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির এক বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে বিরোধী দলগুলোকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠু ও স্বাভাবিক করতে পারে, এমন পরিবেশ তৈরি করুন। বিরোধী পক্ষকে কখনো দমন করা যাবে না। সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক ক্ষেত্র তৈরি করতে হবে।’
ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘এ নির্বাচনে সরকার সকল রাষ্ট্র যন্ত্র ব্যবহার করেছে। তাই এই সরকারের নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন কখনো সম্ভব না।’
বর্ধিত সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নূর করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈুমর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।
এমই





